জীবনে
সুখী হতে গেলে আসলে কি দরকার ?
অনেক ভাবি আমি আর ভ্যাবলা।
এত কাঁড়ি কাঁড়ি টাকা বা পেল্লাই সব বাড়ির দরকার আছে ?
নেই।
বেণী মাধব লশকরের কত টাকা !
অভাব নেই। কিন্তু দেখ, ডাক্তার তাকে বলেছে চিনি খেতে পারবে না।
এটা কিছু হল ?
উনাকে শুধু করলা ভর্তা আর থানকুনি পাতার ঝোল দিয়ে ভাত খেতে হয় ।
কী জীবন ! হায়রে ।
আমাদের আসলে কি দরকার ?
অনেক হিসাব করে দেখলাম ।
একটা পুরানো রাজপ্রাসাদ কিনতে পারলে ভাল হত। রাজপ্রাসাদের মধ্যে একটা কেমন ভাব আছে । লোকজন বেশি রাখতাম না। একজন দারোয়ান শুধু লোহার ঢাল আর বল্লম নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকলেই চলবে। ওর গায়ে অবশ্য টিনের পোশাক জমবে ভাল।
মুখে গোঁফ আর মটরশুঁটির দানার সমান একটা জড়ুল থাকলে পোয়া বারো ।
ভ্যাবলার মতে একটা পোষা বাঘ হলে ভাল হয়।
হলুদ কালো ডোরা কাটা বাঘটার গলায় হাত দিয়ে বিকেল বেলা হাঁটতে বেরুলে লোকজন কেমন অবাক হবে তাই না ?
তো সুখী হবার তালিকায় বাঘের নাম রাখলাম।
একটা মাস্তুলওয়ালা জাহাজ দরকার। পাল তোলা জাহাজ। ইঞ্জিনের জাহাজ আমরা কিনব না। বিশাল পাল থাকবে। বাড়ির সব বিছানার চাদর আর দরজা জানালার পর্দা পাল হিসাবে ব্যবহার করব।
জাহাজের পিপে ভর্তি থাকবে ময়দার বিস্কুট। তিলের গজা । মোরব্বা।
পিতলের একটা বিউগল দরকার ভ্যাবলার ।
কোন এক অনুষ্ঠানে গিয়ে ভ্যাবলা দেখেছিল একজন মুস্কো মত লোক পিতলের বিউগল বাজাচ্ছে। সবাই কেমন তারিফ করছে ।
জিনিসটা বেশ ওজনদার। নাহ একটা দরকার ।
দরকার কিছু পাখি।
ওরা সব সময় কিচির মিচির করবে। আমরা কর্মচারী রাখব। যারা মাঠ থেকে ঘাস ফড়িং ধরে এনে পাখিদের খাওয়াবে।
ছাতু আর মরিচ কেনা হবে বস্তা বস্তা।
একটা মোরগ দরকার।
সকাল বেলা মোরগটা আমাদের ডেকে তুলে দেবে। এইজন্য ।
কারণ আমরা ঘড়ি ব্যবহার করব না। ঘড়ি দেখলে মনে হয় সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মাথার উপর অনেক চাপ পড়ে।
তবে রেডিও শুনেও সময় জানা যায়।
কয়েকটা ভেড়া দরকার ভ্যাবলার।
ভেড়া গুনলে নাকি সহজে ঘুম এসে যায়। অমন আজগুবি কথা জীবনেও শুনিনি।
তারপরও ভ্যাবলার জন্য লিস্টে ভেড়া রাখতে হল।
কিছু পিঁপড়ে দরকার।
কারণ পিঁপড়ে ব্যস্ত থাকলে মানে সামনে বর্ষাকাল।
ওদের দেখে আমরা ঋতু বুঝতে পারব। আর আশে পাশে পরিশ্রমী প্রাণী দেখলে জীবনে বড় হবার ইচ্ছা জাগে।
গোল কাচের বাউলে একটা মাছ থাকতে হবে। ঘন হলুদ বা সোনালী হলে ভাল হয়।
আর খোঁজ নিতে হবে কোথাও ড্রাগন পাওয়া যায় কি না।
পেলে দাম নিয়ে আলোচনা হতে পারে ।
অনেক চিন্তা করে দেখলাম। সুখী হতে গেলে আসলেও বেশি কিছুর দরকার হয় না।
অথচ চারিদিকে কত অসুখী মানুষ !

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন