দুই শতাধিক ফিকশন, নন-ফিকশন বইয়ের লেখক হুমায়ূন আহমেদ বাংলাদেশ তুমুল জনপ্রিয় ছিলেন। তার একেকটি বই প্রকাশের পরপর হাজার হাজার কপি বিক্রি হতো। তার নিজস্ব একটি লেখার স্টাইল ছিল, যা অসংখ্য পাঠককে আকৃষ্ট করেছে। অনেক পাঠকের জন্য তিনি বই পড়ার অভ্যাস তৈরি করেছিলেন।
হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার স্টাইলে অনেকে উপন্যাস বা গল্প লেখার চেষ্টা করেছে, যদিও সেসব বই খুব বেশি পাঠকপ্রিয়তা পায়নি।
বাংলাদেশে এখনো প্রতিবছর কয়েক হাজার গল্প, উপন্যাসের বই প্রকাশিত হয়। কিন্তু প্রকাশকরা বলছেন, হুমায়ূন আহমেদের বই যেভাবে বিক্রি হতো, এই লেখকদের জনপ্রিয়তা থাকলেও সেভাবে বই বিক্রি হয় না।
আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গনি বলেন, 'এক কথায় যদি বলতে হয়, তাহলে বলি, তার জায়গায় এখনো কেউ আসতে পারেনি। তার লেখার যে জাদুকরী, মানুষকে আকর্ষণ করা, হুমায়ূন আহমেদ সেটা করতে পেরেছিলেন। অন্য লেখকরা হয়তো সেভাবে পারেননি। স্বাভাবিকভাবে এই কারণে ওই জায়গাটা আর কেউ পূরণ করতে পারেননি। হুমায়ূন আহমেদের একেকটা বই প্রথম প্রকাশে ২৫ থেকে ৩০ হাজার কপি ছাপানো হতো। তাঁর বই কিনতে লম্বা লাইন তৈরি হতো। কিন্তু এখন যেসব বই ছাপানো হয়, সাধারণত প্রথম প্রকাশে ৪০০ বা ৫০০ কপি ছাপানো হয়ে থাকে।
প্রকাশকরা বলছেন, প্রতিটি বই মেলায় নতুন প্রকাশিত কোন বইয়ের তুলনায় ১০ বছর পরেও হুমায়ূন আহমেদের পুরোনো কোনো বই এখনো তার চেয়ে বেশি বিক্রি হয়।
তথ্যসূত্র: দ্য রিপোর্ট

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন